বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘ ছয় বছর পর এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে দেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন প্রশ্নে দীর্ঘদিনের অবস্থানের প্রতিফলন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, ২০২০ সালে ইলেকট্রনিক বা ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যাংশটি বাদ দেওয়া হয়। তার আগে বাংলাদেশি পাসপোর্টে উল্লেখ থাকত—এটি বিশ্বের সব দেশের জন্য বৈধ, তবে ইসরায়েলের ক্ষেত্রে নয়। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে এ শব্দবন্ধ পুনর্বহালের দাবি ওঠে।
অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে পাঠানো এক চিঠিতে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সে সময় বিষয়টি মূলত কূটনৈতিক পাসপোর্টে সীমিত ছিল। বর্তমানে সরকার সব ধরনের পাসপোর্টে এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে এ পরিবর্তন যুক্ত হবে। যাদের বর্তমান পাসপোর্ট রয়েছে, তাদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।
এদিকে, ই-পাসপোর্টের নকশাতেও বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু পুরোনো জলছাপ ও স্থাপনার ছবি বাদ দিয়ে নতুন কিছু প্রতীক ও ঐতিহাসিক নিদর্শন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাদ পড়তে পারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সমাধিসৌধ, কিছু অবকাঠামো প্রকল্প, নির্দিষ্ট স্মৃতিস্তম্ভ ও অন্যান্য স্থাপনার ছবি।
অন্যদিকে নতুন সংযোজন হিসেবে থাকছে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন উপাদান। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য, জাতীয় প্রতীক এবং ঐতিহ্যবাহী নিদর্শনের ছবি। পাশাপাশি সাম্প্রতিক গণ-আন্দোলনের একটি প্রতীকী দৃশ্যও যুক্ত করার আলোচনা চলছে বলে জানা গেছে।
বুধবার স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, পাসপোর্টের ভেতরের কিছু জলছাপ পরিবর্তন ও নতুন ছবি সংযোজনের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় অনুমোদনের পর বিষয়টি বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল এবং পাসপোর্টের নকশা পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় পরিচয়ের কিছু প্রতীকী দিক নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্টাফ রিপোর্টার 












