পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি দুবাইয়ে আটক রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রেফতারের ৩০ দিনের মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, অপরাধ দমনে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অবস্থান স্পষ্ট। তার ভাষায়, আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলাগুলোতে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

স্টাফ রিপোর্টার 











