দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান তিনি। হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি শেয়ার করে সনিকা লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর”—এর সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন।
সনিকার অসুস্থতার খবর প্রকাশের পর ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন সনিকা। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। পরে গায়িকা ও অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৪ সালে প্রকাশ পায় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’। ছোটপর্দার নাটকেও অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

স্টাফ রিপোর্টার 







